শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জিয়াউর রহমান জিয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে একসঙ্গে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসব উদ্যাপনে সবার নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু বা অসহায় মনে না করেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”
জিয়াউর রহমান জিয়া বলেন, “দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা আমাদের সবার জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে। একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রয়োজন। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য বা হয়রানির শিকার হবে না। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। এ সময় পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একে অপরের পাশে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন, মতলব উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদজামান টিপু, মতলব পৌর যুবদলের আহবায়ক মো. মজিবুর রহমান সরকার,সামাজিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান জুয়েলসহ স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসবকে ঘিরে প্রতিবছর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। মতলব দক্ষিণ উপজেলাতেও দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।



















