চাঁদপুর থেকে সড়ক পথে মতলব উত্তর হয়ে ঢাকায় যাওয়ার পথে প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বহনকারী প্রাইভেটকারে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রী রায়ের চর ব্রিজের কাছাকাছি এ ঘটনা ঘটে।
ডাকাতির কবলে পড়া সাংবাদিক আলম পলাশ প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শ্রী রায়েরচরের কাছাকাছি গালিমখাঁ এলাকায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে সজোরে বড় বড় ইট ছুড়ে মারে ডাকাতরা। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় সামনের যাত্রীর আসনে বসা আলম পলাশের শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত লাগে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আলম পলাশ জানান, ৩/৪ জন ডাকাত গাড়িটিতে হামলা চালায়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তারা। গাড়িতে দুই নারীসহ একজন প্রবাসীও ছিলেন।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ডাকাতের হামলা হয়েছে চাঁদপুরের মতলব উত্তরের শ্রী রায়ের চর ব্রিজের তিন কিলোমিটার আগে। দেখেন, আমাদের গাড়ি কীভাবে ভেঙে চুরমার করে ফেলেছে। তিনজন ডাকাত ছিল। আমাদের ড্রাইভার চতুর থাকায় গাড়ি না থামিয়ে দ্রুত চালিয়ে চলে এসেছেন। আমরা মারাত্ম্যভাবে আতঙ্কিত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
মুঠোফোনে সাংবাদিক আলম পলাশ জানান, আমি প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। মতলব উত্তরের শ্রী রায়ের চর (গালিমখা) এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে সজোরে আঘাত করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। আমি চালকের পাশের আসনে বসা ছিলাম। গ্লাস ভেঙে আমার শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত লাগে। গাড়িতে দুইজন নারী ও একজন প্রবাসীও ছিলেন। তবে চালক দ্রুত গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ায় আমরা সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।
এদিকে ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।












