চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে আল আমিন নামে এক শারীরিক প্রতিবন্ধীর নির্মানাধীন দোকান ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ১ নভেম্বর রবিবার রাতে উপজেলা চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর তুলাতলী বাজারে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, প্রতিবন্ধী আল আমিনের ডান পা নেই। তার বাবা রুহুল আমিন গত ৩০ সেপ্টেম্বর নিজ নামে রেকর্ডীয় বিএস ৬২৮ খতিয়ান থেকে ৪৮৪০ দাগে হিস্যানুসারে প্রাপ্ত ২ শতক জমি রেজিস্ট্রি করে দেন। আল আমিন তা নিজ নামে নামজারী করে নেন। স্বজন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় সেখানে তিনি দোকান নির্মাণ শুরু করেন। রবিবার রাতে কে/কারা আল আমিনের নির্মাধীন দোকানটির পূর্ব পাশের দেয়ালটি ভেঙ্গে ফেলে।
ভুক্তভোগী আল আমিন বলেন, ‘সম্পদ নিয়ে প্রতিবেশী আল আহমদের সাথে বিরোধ রয়েছে। ৪৮৩৮ দাগে বাড়ীর সম্পত্তি নিয়ে তার সাথে মামলা চলমান। যে দাগে আমি দোকান নির্মাণ করছি, সে দাগ নিয়ে কারো সাথে বিরোধ নেই। তারপরও কে/কারা আমার দোকানটি ভেঙে দিয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ। সমাজের বোঝা হতে চাইনা। সকলের সহযোগিতায় আত্মনির্ভরশীল হতে চাই। আমি সরকার এবং প্রশাসনের দায়িত্বশীল মহলের সার্বিক সহযোগিতা চাই।’
এ বিষয়ে জানতে চাইলে আলী আহমদ তার কাগজপত্র নিয়ে উপস্থিত হন। সেসকল কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, তিনি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চাঁদপুরে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১২৯০/২০২৬। সেখানে বিএস ৪৮৪০ দাগে ৫ শতক ভূমি বিরোধপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখিত সম্পত্তির সাথে আল আমিনের নির্মানাধীন দোকানের সম্পত্তির বিরোধের কোন সূত্র পাওয়া যায়নি। আলী নিজেও আল আমিনের দোকান ভাঙার প্রতিবাদ জানিয়েছেন এবং দায়ীদের বিচার দাবী করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইনউদ্দিন বলেন, সম্পত্তিগত বিরোধ থাকলে তা স্থানীয়ভাবে অথবা আইন আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। রাতের অন্ধকারে কারো স্থাপনা গুড়িয়ে দেওয়া অবশ্যই নিন্দনীয়।

















