মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘পদক্ষেপ’ এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর সোমবার বিকেলে মেহের স্টেশন রোড, ঠাকুরবাজার ভূইয়া হাউজের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়।
সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার চাঁদপুর, মোঃ আবু হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোর্শেদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জয়নাল আবেদিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইমাম হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও এশিয়ান টিভির শাহরাস্তি প্রতিনিধি মোঃ জামাল হোসেন এবং এলাকার সুধীজন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় নিজস্ব সম্পদ নিয়ে যাত্রা শুরু করে।
বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে সারা দেশে সফলভাবে কাজ করার মধ্য দিয়ে ইতোমধ্যে এটি একটি জাতীয় এনজিও হিসেবে বিবেচিত হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর যাবৎ এনজিও’টি বিভিন্ন এলাকায় তথা হাওড়, বাওড়, পাহাড়ি অঞ্চল, চর ও উপকূলীয় অঞ্চলেও যাবতীয় সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করেছে।
উল্লেখ্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ঋণ সেবা, সঞ্চয় সেবা, রেমিট্যান্স সেবা, কৃষি সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।




















