মোহাম্মদ হাবীব উল্যাহ্:
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এমন প্রতিপাদ্যে হাজীগঞ্জে শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন. চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিুকল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে ৫ জন সফল নারীকে জয়িতা সম্মাননা ও সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়।
তাঁরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আমেনা আক্তার (ইরা খাঁন), শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উম্মে শায়কা দিলরুবা আক্তার দিপ্তী, সফল জননী আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোম জীবন শুরু করা নারী হাছিনা আক্তার শেলী ও সমাজ উন্নয়নে অবদান রাখা নারী ড. রওশন আরা বেগম।
অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী, কিশোর-কিশোরী কাবর সদস্য সফল জয়িতা নারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




















