দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলী মন্ডলের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন সিআইপি জালাল আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ তায়ালার রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অগাধ ভক্তি-শ্রদ্ধা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাইনি। কোনো ক্ষোভ বা রাগের বশবর্তী হয়ে নয়, আমি মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকে কাজ করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব বলে আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি। অতীতে যেভাবে মানুষের সেবা করে আসছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচনী পরিবেশ বজায় থাকুক। ভোটাররা নির্বিঘ্নে ভোটের দিন ভোটকেন্দ্রে আসুক। নির্বাচনী আমেজ তৈরি হোক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ, মুক্তিযোদ্ধা নূর মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা খোরশেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মাইমুনা জালাল, উপজেলা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু, যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা রুবেল মিয়াজী, ইসমাইল পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা মিলন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রহিম নিলাফ, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি মনির পাটওয়ারী প্রমুখ।




















