চাঁদপুর জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (৩১ মে ২০২৫) দিনভর পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
শাহরাস্তি থানাধীন দোয়াভাঙ্গা আইদি ও বোগদাদ বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সুমন চন্দ্র মোদক। গ্রেফতারকৃতরা হলেন আয়নাতলী গ্রামের তানিম (১৯) ও শাওন (২০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, ফরিদগঞ্জ থানার বিভিন্ন এলাকায় একাধিক টিম অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে। তারা হলেন গোয়াটোবা গ্রামের মোস্তাক, সন্তোষপুরের আবদুস ছাত্তার ওরফে ফারুক এবং আদশা গ্রামের জসিম। অভিযানে অংশ নেন থানার এসআই, এএসআই ও অন্যান্য পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। মাদক নির্মূল ও আসামি ধরতে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।




















