র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণনগর এলাকা থেকে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুলসুম আক্তার (২৩) ও লিটন (৩৫) নামের দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কুলসুম আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মোঃ ওহিদ মিয়ার কন্যা এবং লিটন একই গ্রামের মৃত আলী আশরাফের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে র্যাব-১১ কর্তৃক পরিচালিত ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৩১২ জনের বেশি অপরাধীকে গ্রেফতার, ৮৮টি আগ্নেয়াস্ত্র, ১২৮৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সূত্র- প্রেস বিজ্ঞপ্তি র্যাব ১১ নারায়নগঞ্জ




















