চাঁদপুর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় সফল অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জানা গেছে, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই ২০২৫ তারিখ ভোর ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালিত হয় ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজার এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, মাদকের বিরুদ্ধে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কঠোর ও জিরো টলারেন্স। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁদপুরের প্রতিটি উপজেলায় মাদক নির্মূলে যৌথ বাহিনীর এই কার্যক্রম সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এলাকাবাসী আশা করছে, এ ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক ব্যবসা বন্ধ হয়ে একটি সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।




















