বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এই ছয়দিনব্যাপী অনুশীলন আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে।
মহড়ায় যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা বিষয়ে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। টাইগার লাইটনিং-২০২৫ এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়াটি অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, সমন্বিত কৌশলগত প্রস্তুতি এবং বহুজাতিক যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র- সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী




















