চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ বাহিনীর টানা অভিযানে আবারও বড় ধরনের সফলতা এসেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানে প্রতিদিনই নতুন নতুন অপরাধী ধরা পড়ছে, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য।
এরই ধারাবাহিকতায় অদ্য ৫ ডিসেম্বর ২০২৫, গভীর রাত ২৩:৪৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা শাহরাস্তি উপজেলার সংহায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আপন (২৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
অভিযান চলাকালে মোঃ আপন-এর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে আটক করার পর যৌথ বাহিনী প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনী প্রক্রিয়ার জন্য শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন কার্যকর পদক্ষেপ চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
অভিযানের ফলে এলাকায় নিরাপত্তার অনুভূতি আরও জোরদার হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকলে মাদক ও অপরাধ চক্রগুলোর মূল শেকড় উপড়ে ফেলা সম্ভব হবে।




















