চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল ফোর্সসহ থানাধীন সাইসাঙ্গা (ছৈয়াল বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ বিল্লাল হোসেন (৪০), পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা- সাজেদা বেগম, সাং- সাইসাঙ্গা, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরকে তার নিজ দখল হতে ২৫টি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইউটিউব ভিডিও দেখে গাঁজা চাষে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজ বসতবাড়ির আশেপাশে এসব গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















