মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সরকারের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৯০০ পরিবারের মাঝে ১০ কেজি করে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২০ মে) দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে সকাল থেকেই উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত কুপনের মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশে প্রত্যেক উপকারভোগীর হাতে চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান বলেন, “সরকার সবসময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোনো পরিবার যেন কষ্টে না থাকে, সেজন্যই ভিজিএফের এই চাল বিতরণ করা হচ্ছে। আমরা চেষ্টা করেছি স্বচ্ছতা ও সুশৃঙ্খলতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে।”
তিনি আরও বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
উপকারভোগীরা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। অনেকেই বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম এড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়। শান্তিপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীরাও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু।
ইউপি সদস্য মো. সবুজ মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, নাসির আহমেদ,
মো. মানিক মিয়া, জনি শিকদার, খলিফা বেগম, মাহমুদা আক্তারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।




















