হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতি নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া ফেলেছেন ব্যবসায়ী নেতা হাসান মাহমুদ। দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা, সাংগঠনিক দক্ষতা ও সততার কারণে তিনি ইতোমধ্যে ব্যবসায়ীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
জানা যায়, ব্যবসায়ী সমাজের প্রত্যক্ষ ভোটে প্রথমে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ব্যবসায়ীদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে পরপর চারবার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি একই পদে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বাজার উন্নয়নে ধারাবাহিক কাজের অভিজ্ঞতা নিয়ে এবার সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হাসান মাহমুদ। ইতোমধ্যে তিনি বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
হাসান মাহমুদ বলেন,
“হাজীগঞ্জ বাজার শুধু ব্যবসার কেন্দ্র নয়, এটি আমাদের সবার প্রাণের জায়গা। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করেছি। নির্বাচিত হলে ব্যবসায়ীদের অধিকার আদায় ও আধুনিক, সুন্দর ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, ছোট ব্যবসায়ীদের সমস্যা গুরুত্বের সঙ্গে দেখা এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে তার প্রধান লক্ষ্য।
স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় হাসান মাহমুদ ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। তার অভিজ্ঞতা ও আন্তরিকতা বাজার ব্যবসায়ীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতি নির্বাচনে সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ।
আরকে/ সাইফ




















