দেশে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, আজ থেকেই দেশের সব শপিং মল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকান সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করবে। একই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে বাণিজ্যিক বিলবোর্ড ও অন্যান্য আলোকসজ্জাও।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, চলমান ও ভবিষ্যতে আয়োজিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল ও দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা চালু ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই কার্যক্রম আরও কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।




















