আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই এ বিশাল বাজেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাজেট বাস্তবায়নে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয় সংগ্রহ করা হবে। এর বড় অংশই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে কর প্রশাসনের ব্যাপক ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর ফাঁকি রোধ, করদাতাদের সেবা সহজ করা এবং রাজস্ব আহরণ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সূত্র জানায়, নতুন অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর বহির্ভূত উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে ৪ লাখ ৪৬ হাজার ৯৬০ কোটি টাকা এবং শুল্ক বা কাস্টমস খাত থেকে ১ লাখ ৫৭ হাজার ৪০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, কর ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং সংস্কার কার্যক্রম জোরদারের মাধ্যমে রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।
তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, কর ফাঁকি নিয়ন্ত্রণ, করের আওতা সম্প্রসারণ এবং কাঠামোগত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হতে পারে। এজন্য তারা দীর্ঘমেয়াদি ও কার্যকর কর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- 70
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















