চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পশ্চিম নরহ এলাকায় ঘটেছে।
পরিবারের অভিযোগ, প্রতিবন্ধী বাবা-মায়ের সন্তান ওই কিশোরী প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যে গৃহস্থালির কাজে সহায়তা করত। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরিবার জানায়, গত ২ জুন কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায়। পরে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে জানা যায়, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কিশোরীর মা বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। একই সঙ্গে মেয়ের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা কিশোরীর চিকিৎসা, নিরাপত্তা এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
শাহরাস্তিতে ১৩ বছরের কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ
-
মোঃ জামাল হোসেন - আপডেট : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 166
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















