বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পদোন্নতি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। রোববার (২৬ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের কার্যক্রমের উদ্বোধন করেন।
এবারের প্রথম ধাপের নির্বাচনী পর্ষদে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়; বরং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের সক্ষমতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্যদের আত্মত্যাগও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অবদানের জন্য সেনাপ্রধানসহ সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। সেনাবাহিনী প্রধান তাঁর ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও মন্তব্য লিপিবদ্ধ করেন।
সেনাবাহিনীতে যোগ্যতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 75
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















