চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মোশারফের চায়ের দোকান থেকে হাঁড়িয়াইন আড়ং বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের অবশিষ্টাংশ এখনো পাকাকরণ না হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়নের জন্য একাধিকবার বরাদ্দ এলেও নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি। প্রায় দুই বছর আগে এক কিলোমিটার অংশ পাকা করা হলেও অবশিষ্ট প্রায় আধা কিলোমিটার এখনো কাঁচা অবস্থায় রয়েছে। ফলে টংগীরপাড় গ্রামের প্রায় ৬০০ পরিবারের প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানান, সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। জমে থাকা পানির ওপর দিয়ে ছোট যানবাহন চলাচল করায় কাদা, গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, রোগী এবং সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির অবশিষ্ট অংশ পাকাকরণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়, ফলে জরুরি প্রয়োজনে যাতায়াত করাও অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
টংগীরপাড় গ্রামের বাসিন্দারা দ্রুত সড়কটির অবশিষ্ট অংশ পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে, যাতে এলাকার কয়েকশ পরিবার নির্বিঘ্নে চলাচল করতে পারে।
সামান্য বৃষ্টিতেই অচল সড়ক, চরম দু’র্ভোগে টংগীরপাড়ের মানুষ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 97
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















