চাঁদপুরের হাজীগঞ্জ, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও আশপাশের এলাকার হাজারো মানুষের জন্য গুরুত্বপূর্ণ রামগঞ্জ-গৌরীপুর সড়কে দীর্ঘ কয়েক মাস ধরে বিআরটিসি, আল-আরাফা ও পদ্মা এক্সপ্রেস পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত এ রুটে বাস চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বুধবার (২৯ জুলাই) হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তায় কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। রামগঞ্জের আল মামুন, ফরিদগঞ্জের শাহজাহান ও হাজীগঞ্জের জামাল উদ্দিনসহ একাধিক যাত্রী জানান, দীর্ঘদিন ধরে তারা রামগঞ্জ-গৌরীপুর সড়ক ব্যবহার করে স্বল্প সময়ে ও কম খরচে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। কিন্তু কয়েক মাস ধরে এই রুটে বিআরটিসি, আল-আরাফা ও পদ্মা এক্সপ্রেসের বাস চলাচল বন্ধ থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যাত্রীরা জানান, আগে এই সড়ক ব্যবহার করে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা ভাড়ায় দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছানো যেত। বর্তমানে কুমিল্লা বা চাঁদপুর হয়ে বিকল্প পথে যেতে সময় লাগছে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা এবং বাসভাড়া গুনতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। ফলে সময় ও অর্থ—দুই দিক থেকেই বাড়তি চাপের মুখে পড়েছেন তারা।
তাদের অভিযোগ, বর্তমানে এই রুটে যাতায়াত করতে হলে প্রথমে হাজীগঞ্জ বিশ্বরোডে এসে সিএনজিচালিত অটোরিকশাযোগে কচুয়া উপজেলার কালছোঁ বাজারে যেতে হয়। এরপর সেখান থেকে অন্য পরিবহনে গন্তব্যে রওনা দিতে হয়। বারবার যানবাহন পরিবর্তন করতে হওয়ায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
ভুক্তভোগী যাত্রীরা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রামগঞ্জ-গৌরীপুর সড়কে দ্রুত বিআরটিসিসহ বন্ধ থাকা পরিবহনগুলোর চলাচল পুনরায় চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। এতে যাত্রীদের সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হবে।
রামগঞ্জ-হাজিগঞ্জ- গৌরীপুর সড়কে বিআরটিসিসহ একাধিক পরিবহন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
-
মোহাম্মদ সাইফুল ইসলাম - আপডেট : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 122
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















