চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার পরিবারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিবারের অবদানের কথা তুলে ধরেন।
১৯৬৯ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার জন্য রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার পরিবার ৫ একর ভূমি দান করে। তাঁদের এই উদার অবদান হাজীগঞ্জ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে এ কলেজের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা পরিবারের অবদান স্মরণ করায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে মজুমদার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়,কলেজ প্রতিষ্ঠায় তাঁদের পূর্বসূরিদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে তুলে ধরায় তাঁরা আনন্দিত ও কৃতজ্ঞ।
পরিবারের সদস্যরা মনে করেন, প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। এতে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন অবদান সম্পর্কে জানতে পারবে এবং শিক্ষা বিস্তারে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে মজুমদার পরিবারের দান করা ৫ একর ভূমিতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। নবীনবরণ অনুষ্ঠানে সেই অবদান স্মরণের মধ্য দিয়ে কলেজের ইতিহাস ও ঐতিহ্যের বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।



















