চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ মিটার অবৈধ মই জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর ষাটনল লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের সুরক্ষা ও প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মই জাল ও চায়না চাই ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫০ মিটার মই জাল এবং ৮০ মিটার চায়না চাই উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১) ধারা অনুযায়ী পৃথক দুটি মৎস্য মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নৌ পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মা ইলিশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে নদীতে অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ সময়ে মাছ শিকার প্রতিরোধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতলব উত্তরে অবৈধ মই জাল ও চায়না চাই জব্দ, ২ জনের বিরুদ্ধে মামলা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- 20
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















