চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ভোর ৫ টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান পেশায় একজন বেকারি কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ সুমন মিয়া। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন ব্যক্তি হাঁটতে বের হন।
এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















