জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবের কাছে টেকডাউন অনুরোধ ভারত সরকারের
ভারতে ইউটিউব ব্যবহারকারীরা এখন আর দেখতে পাচ্ছেন না বাংলাদেশের চারটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল— যমুনা টেলিভিশন, একাত্তর টেলিভিশন, বাংলাভিশন ও মোহনা টেলিভিশন। ভারত সরকারের টেকডাউন অনুরোধের পর ইউটিউব এ পদক্ষেপ নেয়।
ডিজিটাল অধিকার সংস্থা DismissLab জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার উদ্বেগের কারণ দেখিয়ে ভারত সরকার ইউটিউবকে এই চ্যানেলগুলোর অ্যাক্সেস সীমিত করার অনুরোধ জানায়। শুক্রবার (৯ মে) তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
তবে ইউটিউব বা ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। চ্যানেলগুলো ভারতে কেন সমস্যার মুখে পড়ল, সেই প্রশ্ন এখন অনলাইনে আলোচনার কেন্দ্রে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। কেউ বলছেন এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, আবার কেউ এটিকে ভারতের নিরাপত্তার স্বার্থে নেওয়া যৌক্তিক পদক্ষেপ বলেও ব্যাখ্যা করছেন।




















