বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন ও কার্যক্রম এখন অনিশ্চয়তার মুখে। শনিবার (১১ মে) সকালে সময় সংবাদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি বলেন, “গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে। কাল গেজেট হলে কালই সিদ্ধান্ত।”
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের চাপে গত শনিবার (১০ মে) রাতে এক জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা করেন, আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম, সাইবার স্পেসসহ, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্দোলনরত জনগণের সুরক্ষার জন্য।”
এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলেছে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর পুরো জাতির।




















