চাঁদপুরে নিরাপদ খাদ্য বিষয়ক একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দীন। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন সচেতনতা। প্রতিটি পরিবার ও সমাজের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। শুধুমাত্র প্রশাসনিক তৎপরতায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “খাবার নিয়ে মানুষের মনে নানা ধরনের ভুল ধারণা রয়েছে। অথচ সঠিক নিয়ম-কানুন অনেকেই জানেন না। এজন্য ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ খাদ্য সম্পর্কে জানে এবং সচেতন হয়।”
কর্মশালায় খাদ্য নিরাপত্তা রক্ষা, খাদ্য সংরক্ষণ, উৎপাদন ও বিপণনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, খাদ্য ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা।




















