চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর গোপন অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে ২০২৫) রাত ১০টার দিকে টোরাগড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে রিয়াজ (৩৯) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের পর রিয়াজকে আইনগত প্রক্রিয়ার জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ও অপরাধ দমনে স্বস্তি ফিরছে।




















