নোয়াখালীর বেগমগঞ্জে বৃদ্ধা মর্জিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুইজন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ও বেগমগঞ্জ থানা পুলিশের যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন ২০২৫ তারিখে পৃথক দুটি অভিযানে বেগমগঞ্জ থানাধীন মোবুল্লাহপুর ও গোপালপুর এলাকা থেকে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. জোবাইদুল ইসলাম রনি (১৬), পিতা-মৃত জাফর, মাতা-জোসনা আক্তার, সাং-মোবুল্লাহপুর,
২. ফিরোজ আহমেদ রাকিব (২৩), পিতা-মৃত আবুল খায়ের, মাতা-ফাতেমা বেগম, সাং-দেবকালা।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ভিকটিমের ছেলে একজন প্রবাসী। ঈদ উপলক্ষে বন্ধু মারফত বাড়িতে ৪০,০০০ টাকা পাঠান। বন্ধুটি বাড়িতে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বারান্দার খোলা দরজা দিয়ে ভেতরে গিয়ে দেখেন আসবাবপত্র এলোমেলো, আলমারি খোলা। পরে প্রতিবেশীদের ডেকে এনে দেখতে পান বৃদ্ধা মর্জিনা আক্তারের মৃতদেহ খাটের উপর, মুখ ও গলায় গামছা ও চাদর পেঁচানো অবস্থায় পড়ে আছে।
পরবর্তীতে বাদী সৌদি আরব থেকে দেশে ফিরে দাফন সম্পন্ন করে থানায় এসে মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ-১১/০৬/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।
মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। তাদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে ১৮ জুন বিকেল ৫টায় মোবুল্লাহপুরে এবং রাত ৮:২৫টায় গোপালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সমাজ থেকে হত্যা, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















