র্যাব-১১, সিপিসি-২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন শালধর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পরিচালিত অভিযানে মোঃ আলম মিয়া (৫৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের সময় তার হেফাজত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ছাড়াও একটি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলম মিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করতেন।
আসামির বাড়ি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামে। তিনি মৃত কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
র্যাব-১১ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি সংস্থাটি ১১৭ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৪০ জন হত্যা মামলার আসামি, ৫৭ জন ধর্ষণ মামলার আসামি, ১৯ জন অস্ত্র মামলার আসামি এবং ৩১৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ছাড়া ৯১টি অস্ত্র, ১,২৯৩ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-১১। এছাড়া অপহরণকারী, ছিনতাইকারী, জেল পালানো আসামিসহ আরও প্রায় ৩২০ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আলম মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















