চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে জাল টাকার ব্যবসায়ে জড়িত এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আশরাফুল জামান তন্ময় (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ টাকার ৪৯টি জাল নোট, মোট ৯,৮০০ টাকা মূল্যমান উদ্ধার করা হয়েছে।
পরে আটককৃত তন্ময়কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় চলমান যৌথ বাহিনীর সন্ত্রাস, মাদক ও অবৈধ লেনদেনবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।




















