সারা দেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১,৮০০ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১,৬৭৩ জন এবং অনিয়মিত ১২৭ জন। তারা ১২টি কলেজ ও ৬টি আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:ছেংগারচর সরকারি কলেজ – ৪৩০ জন,নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ – ৩২০ জন,সুজাতপুর কলেজ –
১৩৫ জন,নাউরী আদর্শ কলেজ – ৬২৫ জন,
ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা (সমমান) – ১৬৩ জন
সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিয়োজিত করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারে, সেজন্য অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, মতলব উত্তরে এবারের এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।




















