বগুড়ার সোনাতলায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নাম সংশোধনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা এক নির্দেশনা জারি করেছে, যেখানে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে। যাহার স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০২.২৫.১৭৭, তারিখ: ০১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ / ১৬ জুলাই ২০২৫
প্রকাশিত আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুসারে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পতিত সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নামকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে, বগুড়ার সোনাতলা উপজেলায় অবস্থিত সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সোনাতলা মহিলা কলেজ’ রাখা হয়েছে।
নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকার পূর্বের নামগুলোকে ‘পতিত ফ্যাসিস্ট সরকারের’ সংশ্লিষ্টতার ভিত্তিতে বিবেচনা করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।”
প্রসঙ্গত, সরকার ঘোষিত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন নিয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জনমানুষের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মান জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।




















