প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর আগামী ১৬ মে শনিবারের চাঁদপুর সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকাশিত সূচিতে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে পূর্বে আলোচিত জনসভার কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সফরসূচি প্রকাশ করা হয়।
সূত্র মতে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে সকাল ১১টা ৩০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন তিনি।
এরপর দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোদ্দা খাল পুনঃখনন অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে সেখানে উপস্থিত থেকে খাল পুনঃখননের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বা খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর ১টা ৪৫ মিনিটে ওই খাল পুনঃখননেরও উদ্বোধন করার কথা রয়েছে।
সফরসূচিতে আরও রয়েছে চাঁদপুর সার্কিট হাউজে বিরতি, সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান।
তবে আগে আলোচিত হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠের জনসভা চূড়ান্ত সূচি থেকে বাদ পড়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।




















