হাজীগঞ্জে আগুনে একটি হোটেল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে নিঃস্ব হয়েছেন, সুবাস নামের এক ব্যবসায়ী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ওই ব্যবসায়ীর ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।
জানা গেছে, এদিন রাতে সুবাসের হোটেল ঘরটি পুড়তে দেখে স্থানীয় ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু আগুনের ভয়াবহতা, লেলিহান শিখা ও তাপের কাছে তারা ছিলেন অসহায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্ত ততক্ষণে হোটেলঘর ও হোটেলে থাকা ফ্রিজ, রেফ্রিজারেটর, টেলিভিশন, আসবাবপত্র, তৈজসপত্র ও খাদ্যসামগ্রী’সহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম বলেন, হোটেলটি সুবাসের আয়ের একমাত্র অবলম্বন। তিনি হোটেল ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এখন তিনি পথে বসার উপক্রম। আগুনে তার হোটেল পুড়ে গেছে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানান, আগুনে হোটেলটি পুড়ে যাওয়ায় সুবাস ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে তাকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।




















