নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। যুবদল নেতা সোহেল রানার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে নতুন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সোনামিয়া বাজার শাহী মসজিদের ইমাম মাওলানা আল আমিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।
যুবদল নেতা সোহেল রানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সিফাতুর রহমান রাজু, থানা জাসাসের সভাপতি হানিফ, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিমসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস গুরুত্বপূর্ণ। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানো এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠনের কার্যালয় শুধু সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, এটি নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন এ কার্যালয়ের মাধ্যমে ৬নং ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিলাদ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নারায়ণগঞ্জের ৬নং ওয়ার্ডে যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৬:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- 31
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















