নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির সামনে স্ত্রীসহ এক যুবককে মারধর করে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলী আহমদ (৩৪) নামে এক যুবক ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নাজমুল (২৮) নামে এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আলী আহমদ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় মাগুর মাছের খামারসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ মোটরসাইকেল ক্রয় করেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে আলী আহমদ তার স্ত্রী শিখা আক্তারকে (২৮) নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরেন। বাড়ির সামনে গেট খোলার সময় অন্য একটি মোটরসাইকেলে করে আসা তিনজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ধারালো চাকু নিয়ে তাদের গতিরোধ করে।
এ সময় তাদের মধ্যে একজন আলী আহমদকে আঘাত করলে তিনি আহত হন। পরে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার বুকের ডান পাশে আঘাত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় তিনি মোটরসাইকেল উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যোগাযোগ করলে তার কাছে আরও টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন।
আহত অবস্থায় আলী আহমদকে তার স্ত্রী খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার বুকের ডান পাশের আঘাতের স্থানে দুটি সেলাই প্রদান করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে আলী আহমদ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এস আই) সরদাহ হোসেন বলেন, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আটক চেষ্টা চলছে।
















