হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে আবু সালেহ রিমন (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
তিনি ওই এলাকার মো. সাকির হোসেনের ছেলে। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত ওই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশী এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের সময় আবু সালেহ রিমনকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিকে ভ্রাম্যমান আদাল সাক্ষ্য গ্রহণ, অভিযুক্তের স্বীকারোক্তি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারার বিধান লঙ্ঘন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় আবু সালেহ রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্তের বাবা জানান, আবু সালেহ রিমন দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।
তিনি আরো জানান, ছেলেকে কঠোরভাবে নিষেধ করা সত্ত্বেও সে রাতের আঁধারে বাড়িতে নিয়মিত মাদকের আসর বসাতো এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করতো। তার যন্ত্রনায় পরিবারের সদস্যরা অতিষ্ঠ।
স্থানীয়রা জানান, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত। সে এলাকার যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের নিয়মিত অব্যাহত রাখবে।



















