চাঁদপুরের শাহরাস্তিতে ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভোলদিঘী দক্ষিণ বাজারে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাদরাসার নূরানী বিভাগের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলাম। পরে হামদ ও নাত পরিবেশন করেন একই বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাদিস শরিফ পাঠ, মাসআলা পরিবেশন, কবিতা আবৃত্তি এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্যসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীদের তিন ভাষায় সূরা ফাতিহা তিলাওয়াত উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী জাহাঙ্গীর।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ। তিনি তাঁর বক্তব্যে মাদরাসার শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাহাঙ্গীর বলেন, তিনি সব সময় মাদরাসার শিক্ষার্থীদের পাশে থাকবেন এবং তাদের পড়াশোনা ও দ্বীনি শিক্ষার প্রসারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন। শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে তিনি পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতেও মাদরাসার সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এরশাদ উল্লাহ, দারুল কারীম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, চট্টগ্রাম ইসলামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মো. নিয়ামত উল্লাহ, মো. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল, হাজীগঞ্জ আল মানারাত ইসলামিয়া একাডেমির পরিচালক মাওলানা শামসুল আলম, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, অভিভাবক অতিথি মাওলানা মাসুম বিল্লাহ এবং ইতালি প্রবাসী ফয়েজ আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মাদরাসার শিক্ষার পরিবেশ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হিফজ ও নাজেরা বিভাগের ছবক প্রদান। এ পর্বে মাদরাসার ৩৬ জন ছাত্র-ছাত্রীকে হিফজ ও নাজেরা ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন উবাহু ইবনে ক্বাব (রা.) হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মতিউর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কাইথড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ভোলদিঘী দারুল কোরআন নূরানী ইবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভোলদিঘী দক্ষিণ বাজার এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে কার্যক্রম পরিচালনা করে আসছে।



















