চাঁদপুরের হাজীগঞ্জে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি পিকআপ গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে পিকআপটির সামনের অংশ, ইঞ্জিন, কেবিন ও ভেতরের বিভিন্ন অংশ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পিকআপের মালিক সোহেল মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে পিকআপটি চুরির চেষ্টা করে।
একপর্যায়ে চুরির চেষ্টা ব্যর্থ হলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িটির বিভিন্ন অংশে। এতে পিকআপটির সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে পিকআপটির পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও গাড়িটি সামগ্রিকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুনে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মালিক সোহেল মিয়া আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



















