চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা থেকে উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাশেদুল ইসলাম (৩৪) ও মো. হেলাল (৫৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকায় একটি টয়োটা এক্স-করোলা প্রাইভেটকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ চুরি হওয়া গাড়িটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে।
মামলার তদন্ত ও গাড়ি উদ্ধারে পুলিশের তৎপরতার ধারাবাহিকতায় ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয় হাজীগঞ্জ থানা পুলিশ।
উদ্ধার হওয়া গাড়িটি ২০০৫ মডেলের সাদা রঙের টয়োটা এক্স-করোলা, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গাড়ি উদ্ধারের পর তদন্তে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (৩৪) ও মো. হেলাল (৫৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলমসহ পুলিশের একটি দল গাড়ি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত দুইজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরি হওয়া গাড়ি উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















