জামাল হোসেনঃ
শাহরাস্তিতে খোঁজাখুঁজির ১৩ ঘণ্টা পর উদ্ধার নির্মানাধীন ভবনের লিফটের গর্তের পানিতে ডুবে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাঁকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উপজেলার শাহরাস্তি গেইট ( দোয়াভাঙ্গা) এলাকায় টামটা উত্তর ইউনিয়নের কুলশী গ্রামের মৃত আফিল উদ্দিনের পুত্র আমির হোসেন তার জামাতা সেনগাঁও গ্রামের প্রবাসী শরীফ হোসেনের নির্মানাধীন ৪ তলা দালানের কাজের দেখভাল করতেন। ঘটনার দিন ফজরের নামাজ পড়ে তার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। অজ্ঞাত সময়ে সবার অজান্তে তিনি ওই দালানের লিফটের গর্তের পানিতে ডুবে যান।
পরিবারের লোকজন জানায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পানি থেকে রাত ৮টার দিকে তাঁকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















