মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে অধ্যক্ষ মো. মাসদু আহাম্মদের নেতৃত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন সকালে কলেজ ক্যাম্পাসে জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐতিহাসিক মুজিবনগর সরকারের তাৎপর্য তুলে ধরে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
তিনি বলেন, এরপর ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬৬ সালের ছয় দফা, ৭ মার্চের ভাষণ এবং সর্বোপরি বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে প্রতিপাদ্য ধরে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনা করেন এই মুজিবনগর সরকার। এ সরকার পৃথিবীর একমাত্র সরকার, যা অলিখিত সংবিধানদ্বারা পরিচালিত হয়েছে। তাই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এই সরকারের ভুমিকা অনস্বীকার্য।
প্রভাষক মো. সুমন মিয়ার উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপাধ্য জনাব মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান ও মো. আনিছুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে সহকারী অধ্যাপক আ.ন.ম. মফিজুর রহমান জাতির পিতাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহিদ হওয়া ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।




















