হাজীগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত স্কুটারের ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী। সোমবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজির চালক মো. রুহুল আমিন (৫০) শাহরাস্তি উপজেলা টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা গ্রামের শেখ বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে। আহত দুই যাত্রী হলেন, একই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে ফেরদৌসি আক্তার (১৬) ও মো. কামাল হোসেনের মেয়ে আনিকা আক্তার।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. মনিরুজ্জামান মনির বলেন, কুমিল্লামুখী প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে চাঁদপুরমুখী সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান এবং ২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হওয়ায় যাত্রী ফেরদৌসি আক্তরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। অপর আহত যাত্রী আনিকা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও সিএনজি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে এবং হাসপাতাল থেকে নিহতের চালকের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং গুরুরত আহত একজনকে রেপার ও অন্যজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে এবং দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি থানায় নিয়ে আনা হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




















