ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরবাইক ও আই ফোনের জন্য এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার হরিজন সেবাপল্লিতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম স্বাগতম চৌধুরী (২১)। স্বাগতম ওই এলাকার অনিল চৌধুরীর ছেলে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবক ঈদের বিশেষ ছাড়ে অনলাইনে আর ওয়ান ফাইভ মোটরবাইক ও আই ফোন কেনার টাকার জন্য বাবার কাছে টাকা আবদার করেছিল। তবে, তার বাবা পরে কিনে দিবেন বলে জানান। পরে এই অভিমানে ওই যু্বক চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ময়নাতদন্তে আপত্তি থাকায় এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















