ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীবৃন্দের ব্যানারে অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকাড নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে কিছু লোক প্রধান শিক্ষকের (জোৎস্না আক্তার) রুমে তালা দেয়। এর মধ্যে রুবেল ও স্বপন নামের দুইজন ব্যক্তি সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান স্যারকে লাঞ্চিত করেন। আমরা এর বিচার চাই এবং প্রধান শিক্ষককে স্কুলে দেখতে চাই।
অবিলম্বে প্রধান শিক্ষকের রুমের তালা খুলে দিতে হবে উল্লেখ করে শিক্ষার্থীরা আরও বলেন, এতোদিন স্কুল যেভাবে চলেছে, এখনও সেভাবে চলবে। প্রধান শিক্ষককে সুশৃঙ্খলভাবে এবং সম্মানের সাথে স্কুলে আনতে হবে। সহকারী প্রধান শিক্ষকের (মিজানুর রহমান) কাছে ক্ষমা চাইতে হবে। আমরা স্কুলে কোনো বহিরাগতদের দেখতে চাইনা।
উল্লেখ্য, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে গত রোববার (২৫ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময়ে প্রধান শিক্ষকের রুমে তালা দেন বিক্ষোভকারীরা। ওই দিন সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধমকানোর একটি ভিডিও ফেসবুকে দেখা যায়।
এ ঘটনায় প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের রুমের তালা খুলে দিয়ে তাঁকে বিদ্যালয়ে সসম্মানে নিয়ে আসা এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার অধ্যয়নরত ও প্রাক্তণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।




















