মোহাম্মদ হাবীব উল্যাহ্ —
হাজীগঞ্জে খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় দুই বেকারি নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে (২৪ ফেব্রুয়ারী) পৌরসভাধীন আলীগঞ্জ বাজারের দুইটি বেকারিকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল।
জানা গেছে, এদিন হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন মো. নুর হোসেন রুবেল। অভিযানে মাদ্দাখাঁ বেকারী ও মাদ্দাখাঁ ফুড প্রোডাক্টসের খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় নগদ ১০ হাজার করে দুইটি বেকারিকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় দুই বেকারির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেন মো. নুর হোসেন রুবেল। এছাড়াও উপস্থিত জনসাধারণকে আইনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতন করেন তিনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়ার নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ।




















