মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লক্ষীপুর গ্রামের গাজী বাড়ির মোতাহের হোসেন রনির ছেলে রিপাতুল ইসলাম ওরফে জিসান (১৯) ও পিরোজপুর জেলার মটবাড়িয়া থানার কচুবাড়িয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মো. আল আমিন হাওলাদার (৫২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর স্যারদের সার্বিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জের নেতৃত্বে এদিন সকালে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া থানা পুলিশ।
এ সময় খাজুরিয়া গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে বোগদাদ পরিবহনের একটি বাসের ভিতর থেকে কচুয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মামুনুর রশীদ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।




















