আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় পাম তেল রফতানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ কৃষকরা। সরকারের নেওয়া ওই সিদ্ধান্তের কারণে রোজগার প্রায় অর্ধেকে নেমে গেছে অভিযোগ করে মঙ্গলবার (১৭ মে) রাজধানী জাকার্তায় আন্দোলন করেছেন শত শত কৃষক।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গেল ২৮ এপ্রিল পাম তেল রফতানি নিষিদ্ধ করে বিশ্বের শীর্ষ পাম উৎপাদক ইন্দোনেশিয়া। এতে বিশ্ববাজারে ভোজ্য তেলের সরবরাহ হ্রাসের পাশাপাশি মূল্যও ব্যাপকভাবে বেড়ে গেছে। এতেই মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার পাম চাষিরা। সেখানে পাম ফলের দাম প্রায় অর্ধেকে নেমে গেছে।
বিশ্লেষকদের মতে, ভোজ্য তেলের বাজারে ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সুযোগে সরবরাহ বৃদ্ধি করে দিয়েছে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র মালয়েশিয়া। মূলত এতে ব্যাপকভাবে লাভবানও হচ্ছে দেশটি। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা গেছে। তার মধ্যে একটিতে লেখা ছিল, ‘মালয়েশীয় কৃষকদের মুখে বড় হাসি, ইন্দোনেশীয় কৃষকরা দুর্ভোগে।’
বিবৃতির মাধ্যমে ইন্দোনেশিয়ার ক্ষুদ্র কৃষকদের সংগঠন আপকাসিনদো বলছে, রফতানি নিষেধাজ্ঞার পর পাম ফলের দাম আঞ্চলিক কর্তৃপক্ষ নির্ধারিত ভিত্তি মূল্যের চাইতে ৭০ শতাংশ নিচে নেমে গেছে।
সংগঠনটি বলছে, ইন্দোনেশিয়ার অন্য ২২টি প্রদেশেও দ্রুত একইভাবে আন্দোলনে নামতে পারেন সাধারণ পাম চাষিরা। তাই এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।





















