কুমিল্লার নাঙ্গলকোটে পরীক্ষার সময় ছাদ বেয়ে নকল সরবরাহ করার দায়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
ইমরান তার এক আত্মীয় পরীক্ষার্থীকে নকল দেওয়ার চেষ্টা করছিলেন। ট্যাগ অফিসার শহীদুল ইসলাম বিষয়টি লক্ষ করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রাফিদ খান তাকে পরীক্ষা আইন ১৯৮০ (ধারা ১১-ক) অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড দেন।
এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একই দিনে উপজেলার আরও চারটি কেন্দ্র থেকে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং মৌকারা মাদরাসার চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাফিদ খান জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।




















