হাজীগঞ্জ পৌর এলাকার ইস্পাহানী দিঘির পাড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
চুরি হওয়া প্রতিষ্ঠানটি “মের্সাস সোহাগ ইঞ্জিনিয়ারিং” নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মালিক নূর হোসেন (৪৫), টোরাগড় এলাকার বাসিন্দা। তিনি জানান, বিগত চার বছর ধরে তিনি ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। চলতি অর্থবছরে বাখরা বাদ গ্যাস সিস্টেম লিমিটেডের একটি টেন্ডার প্রাপ্ত হয়ে তিনি প্রয়োজনীয় মালামাল গোডাউনে মজুদ করেছিলেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, গত ১০ এপ্রিল তিনি গোডাউন তালাবদ্ধ করে যান। পরে ১৭ এপ্রিল মাল আনার উদ্দেশ্যে গোডাউনে গিয়ে দেখেন, উত্তর-পূর্ব পাশের দেয়াল ভেঙে চোরেরা প্রবেশ করেছে। সেখান থেকে কালো ট্রেপ ১৫২ রোল, সাদা ট্রেপ ১০২ রোল, এমএস সার্ভিস ট্রী, বল-বাল্ব, এলভো, পানির পাম্প, ড্রামসহ আনুমানিক ১১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরির সময় অনেক মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নূর হোসেন বলেন, “আমার দীর্ঘদিনের ব্যবসা এখন হুমকির মুখে। এই চুরির ঘটনায় আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এ বিষয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।”
থানার লিখিত অভিযোগে সন্দেহভাজন হিসেবে টোরাগড় এলাকার কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















